জেড নিউজ স্পোর্টস:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার (১ জুন) ঢাকায় এসে পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আইসিসি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ‘আইসিসির দুই বোর্ড প্রতিনিধি, ড. মোহাম্মদ মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং ট্যাভেঙ্গওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে বৈঠক করবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।’
বিসিবির নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী প্রস্তুতির এক উত্তাল সময়ে বাংলাদেশ সফরে এলো আইসিসির এই প্রতিনিধি দল। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বর্তমানে সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এর আগে, গত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ডটি ভেঙে দেওয়া হয়।
এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই বিষয়ে জানান যে, তদন্ত প্রতিবেদনে আগের কমিটির কিছু সিদ্ধান্ত ও প্রক্রিয়াগত গুরুতর দুর্বলতার প্রমাণ মিলেছে, যা নির্বাচন ও তার ফলাফলকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছিল।
এনএসসি আরও জানায়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর তারা বর্তমান বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছায় এবং একটি ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে।
তারা আরও জানায়, এই অ্যাড-হক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি এই সময়ে তারা একটি নির্বাচিত বোর্ডের মতোই পূর্ণ ক্ষমতা নিয়ে দেশের ক্রিকেট পরিচালনা করবে।



