জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাইয়ে বিপুলসংখ্যক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। এতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালে একের পর এক মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। অনুষ্ঠান শেষে অন্তত দুই শতাধিক মোবাইল ফোন চুরির বিষয়টি সামনে আসে।
অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
মোবাইল ফোন হারানো ব্যক্তিদের মধ্যে অনেকে অনুষ্ঠান শেষে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। থানার তথ্য অনুযায়ী প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ভুক্তভোগীদের মৌখিক অভিযোগ অনুযায়ী চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে। অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





