জেড নিউজ, ঢাকা:
দিন দিন বাড়ছে হামের প্রকোপ। হামের উপসর্গে একদিনে দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ নিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১৬ শিশুর মৃত্যু হয়। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও আক্রান্ত ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।



