২৪/০৪/২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কাল শুরু এসএসসি পরীক্ষা

    জেড নিউজ, ঢাকা:

    আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর অংশ নেবে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী।

    পরীক্ষা সামনে রেখে দেশে বিদ্যুৎ বিভ্রাট বেশি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শহর থেকে গ্রাম— সবখানেই এখন লোডশেডিং নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

    রাজবাড়ী সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আশিকুজ্জামান টুলু বিদ্যুৎ বিভ্রাটের জন্য লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন। দিনরাত একই অবস্থা চলছে বলে জানায় তিনি।

    পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই সময়ে বিদ্যুতের এমন সংকট শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

    আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

    ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই নির্দেশনা কার্যকর থাকবে।

    পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনাও দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধু পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

    এ বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়