জেড নিউজ, ঢাকা:
পরিবহন ব্যয় বৃদ্ধি, মৌসুম শেষ হয়ে যাওয়া ও সরবরাহ কমে আসার কারণে বাজারে প্রায় সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে; বেশিরভাগের দামই ১০০ টাকা কেজির ওপরে। এর সঙ্গে সয়াবিন তেলের চলমান সংকট যুক্ত হয়ে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের চাপ আরও বাড়িয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট, লালবাগ ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, দুই সপ্তাহ ধরেই সবজির দাম চড়া যাচ্ছে, বাজার মনিটরিংয়ের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
প্রতি কেজি পটল ১০০ টাকায়, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা ও চিচিংগা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া প্রতি কেজি মূলা ৬০ টাকায়, প্রতি কেজি টমেটো ৬০ টাকা, প্রতি কেজি ঢ্যাঁড়শ ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা ও কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বিক্রেতারা বলছেন, বাড়তি দামের কারণ সরবরাহ কম থাকা।
অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ৪৫০ টাকায় উঠেছিল। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০-১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনো কমেনি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমেও কেনা যাচ্ছে।



