জেড নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোট দেওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদশিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলার ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভূল্লীতে ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ এবং নারী ৩৮ জন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। ওই নির্বাচনে তিনি ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করেন। আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।





