জেড নিউজ ঢাকা:
দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেছেন, দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা।
আজ বুধবার দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।
নতুন চেয়ারম্যান বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে সর্বাত্মক চেষ্টা করব।’
এর আগে মঙ্গলবার সকালে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেন। পরে তাঁরা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দায়িত্ব ও কার্যক্রম নিয়ে কথা বলেন।
গত ৩ মার্চ আগের কমিশনের পদত্যাগের পর প্রায় সাড়ে পাঁচ মাস পর নতুন কমিশন দায়িত্ব নিল। নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া দায়িত্ব নিয়েছেন।





