জেড নিউজ ডেস্ক:
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিলের ব্যাগ চুরি হওয়ার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে ওই অভিযুক্তকে গ্রেপ্তার এবং হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
তিনি জানান, নাটোর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হলুদ কটি পরিহিত এক যুবক জার্মান নাগরিক কিরিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে সুযোগ বুঝে নিজের পরিহিত কটিটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে সটকে পড়েন ওই যুবক।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার নাটোরে যান জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবারকে (১৮)। নাটোরে রেলস্টেশনে হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের স্টাফ পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট নিতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি আর সেখানে নেই।
ব্যাগটিতে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল বলে জানিয়েছেন কিরিল।
ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কিরিলকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে সহায়তার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন তিনি। এ সময় তিনি ‘কান্নায়’ ভেঙে পড়েন কিরিল। তার সঙ্গে গভীর রাত পর্যন্ত সাংবাদিকরা নাটোর থানায় ছিলেন।
তবে নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে রাজশাহীতে পাঠানো হয়।
সে সময় পুলিশ জানিয়েছে, কিরিলের ম্যাকবুকের সর্বশেষ লোকেশন রাজশাহীতে শনাক্ত হয়েছে।





