spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নতুন সিনেমা নিয়ে ফিরছেন ‘ইতিহাস’খ্যাত নায়ক কাজী মারুফ

জেড নিউজ ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। তবে এবার শুধু অভিনয় নয়, নির্মাণের দায়িত্বও থাকছে তার কাঁধে। দেশের সাম্প্রতিক বাস্তবতা, রাজনীতি ও নানা ঘটনাপ্রবাহকে গল্পের কেন্দ্রে রেখে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘শিরোনাম’।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। প্রবাসজীবনে ব্যস্ত থাকলেও দেশের চলচ্চিত্রের সঙ্গে তার যোগাযোগ থেমে নেই। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিরোনাম’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জানান নতুন সিনেমা নির্মাণ ও অভিনয়ের খবর।

পোস্টারটিতে দেখা যায়, রক্তের মাঝে পড়ে আছে তিনটি সংবাদপত্র। এর একটিতে লেখা—‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’। অন্য দুটির শিরোনাম—‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ এবং ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’। পোস্টারের এই দৃশ্যপটেই সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। দেশের রাজনীতি, সীমান্ত পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনার ছায়া থাকবে সিনেমাটির গল্পে।

তবে ঠিক কোন ঘটনা বা কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে ‘শিরোনাম’-এর গল্প এগোবে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না কাজী মারুফ। যুক্তরাষ্ট্র থেকে সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, “অনেকটাই, তবে পুরোপুরি সত্য ঘটনা নিয়ে নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই সিনেমা। আসলে সিনেমা মানেই কল্পনা, আবার সিনেমা মানে সত্য। এখন এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি, দর্শক পছন্দ করবেন।”

এর আগে নির্মাতা হিসেবে কাজী মারুফের অভিষেক হয় ‘গ্রীন কার্ড’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নির্মাণও করেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও নানা বাস্তবতাকে গল্পের সঙ্গে যুক্ত করেছিলেন। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রত্যাশিত সাড়া পায়নি ‘গ্রীন কার্ড’। ওই ঈদে মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে মাত্র দুটি প্রেক্ষাগৃহে জায়গা পেয়েছিল সিনেমাটি।

এবার ‘শিরোনাম’ নিয়ে ভিন্ন প্রেক্ষাপটের গল্প বলতে চান কাজী মারুফ। সিনেমাটির শুটিং হবে বাংলাদেশে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি নিজেই। তবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশে ফিরেই নায়িকাসহ অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলী নির্বাচন করবেন নির্মাতা।

কাজী মারুফ জানান, সিনেমাটির কাজ শুরু করতে চলতি মাসেই দেশে ফিরছেন তিনি। আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার পর ‘শিরোনাম’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের চূড়ান্ত করা হবে। এরপরই শুরু হবে সিনেমাটির শুটিং।

‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা কাজী মারুফ একসময় নিয়মিতই রুপালি পর্দায় কাজ করেছেন। দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকার পর এবার নিজের নির্মাণে নতুন গল্প নিয়ে ফিরছেন তিনি। ‘শিরোনাম’ দিয়ে সেই প্রত্যাবর্তন কতটা আলোচনার জন্ম দেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়