spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি নয়: গোলাম পরওয়ার

জেড নিউজ ডেস্ক:

বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। টেক্সটাইল খাতের সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেও জানিয়েছেন গোলাম পরওয়ার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের (আমাদের) রাজনৈতিক সংস্কৃতি নয়। আমরা একটি গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই। সরকারের জনস্বার্থ ও দেশের কল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করব। আর জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরব, সমালোচনা করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে বিটিএমএ নেতারা টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল নিশ্চিতকরণ, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, সরকারি রাজস্ব সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে।

বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, টেক্সটাইল খাতে বর্তমানে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি ও বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যায় রয়েছে। এ ছাড়া এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।দেশীয় সংবাদ

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প ও উৎপাদন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। টেক্সটাইল খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে আগামী ১৮ নভেম্বর বস্ত্র ও পোশাকসংশ্লিষ্ট বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার প্রধান অতিথি হওয়ার প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন করা হলে মিয়া গোলাম পরওয়ার বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি প্রচলিত রীতি রয়েছে। এবার এতে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে ডা. শফিকুর রহমান নিজে প্রধান অতিথি হওয়ার জন্য কোনো দাবি বা অনুরোধ করেননি।

তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কোনো খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয়। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে রাষ্ট্রের সব পক্ষের সমন্বয় থাকা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়