০১/০৬/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দেন, অনুসন্ধান বিবিসির

    চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময় আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি ফোনালাপের অডিও যাচাই করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    বিবিসির অনুসন্ধানী শাখা ‘বিবিসি আই’ যাচাইকৃত ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেন, এসব বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারীদের পাবেন, গুলি করবেন।

    একজন অজ্ঞাতনামা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার এই কথোপকথনের অডিওটি চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়। এটিই এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রমাণ, যা থেকে বোঝা যায় শেখ হাসিনাই সরাসরি সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

    অডিওটির বিষয়ে অবগত একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত বছরের ১৮ জুলাই যখন এই ফোনালাপটি হয়, তখন শেখ হাসিনা ঢাকার গণভবনে তার বাসভবনে ছিলেন। ওই ফোনালাপের পরের দিনগুলোতে ঢাকায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার শুরু হয় বলে পুলিশের নথি থেকে বিবিসি জানতে পেরেছে।

    বিবিসির পরীক্ষা করা রেকর্ডিংটি বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের রেকর্ড করা শেখ হাসিনার অসংখ্য ফোনালাপের মধ্যে একটি। ফাঁস হওয়া ১৮ জুলাইয়ের রেকর্ডিংটি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখেছে।

    বিবিসি নিজেও স্বাধীনভাবে এটি যাচাই করেছে। তারা রেকর্ডিংটি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘ইয়ারশট’-এর কাছে পাঠায়। প্রতিষ্ঠানটি জানায়, রেকর্ডিংটি সম্পাদনা বা বিকৃত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাও অত্যন্ত কম।

    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়