২৪/০৫/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন হামজা চৌধুরী, জিতলেন ‘ত্রিমুকুট’

    জেড নিউজ স্পোর্টস:

    বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে সব আলো কেড়ে নিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি একাই জিতে নেন তিনটি পুরস্কার।

    নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে হামজা চৌধুরী জিতে নেন বর্ষসেরা ক্রীড়াবিদের (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার) সর্বোচ্চ খেতাব। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পান তিনি।

    পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের অর্জন।’

    অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। টানা ১১বার এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড কুল। মালিক মোহাম্মদ সাইদ বলেন, ‘বিএসপিএ প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এবং আমি বিএসপিএকে ধন্যবাদ জানাই এই অ্যাওয়ার্ডে আমাদেরকে সাথে রাখার জন্য।’

    সভাপতির বক্তব্যে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে অনেক কিছু উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এজন্য সকলকে পাশে চাই।’

    ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে। এবারের উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন, বর্ষসেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা হকি খেলোয়াড় আমিরুল ইসলাম এবং উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ক্রিকেটার রিপন মন্ডল। বর্ষসেরা কোচ হয়েছেন নারী ফুটবল দলের পিটার বাটলার। সেরা পৃষ্ঠপোষক হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এবং সক্রিয় ফেডারেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়