২১/০৩/২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাউফলে শহীদ সাংবাদিক মেহেদীর পিতার ওপর হামলার অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের ওপর হামলা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে বাউফলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর তিনটার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের মা মাহমুদা বেগম।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী হোসনাবাদ গুচ্ছগ্রাম এলাকায় গেলে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের অনুসারীরা তাঁদের হেনস্তার চেষ্টা করেন। এ সময় মোশারেফ হোসেন বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করা হয়। স্ত্রী মাহমুদা বেগম এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়। হামলার সময় মোশারেফ হোসেনের পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    মাহমুদা বেগম আরও বলেন, ছেলে মেহেদী হাসান শহীদ হওয়ার পর থেকে জামায়াতে ইসলামী তাঁদের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। সে কারণে গত ২৯ জানুয়ারি কেশবপুর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াত সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সভায় তিনি বক্তব্য দেন। এতে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে তাঁর দাবি।

    তিনি বলেন, বর্তমানে তাঁদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যার পর জামায়াতের নেতা-কর্মীরা বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

    এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে উপজেলা বিএনপি।
    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পরিবারকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, প্রকৃত ঘটনা হলো মোশারেফ হোসেন সম্প্রতি একটি বাসের টিকিটের ভাড়া পরিশোধ না করায় টিকিট ক্রেতার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই তুচ্ছ ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়