spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে: ডেপুটি স্পিকার 

বাসস, ঢাকা:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু ইট-পাথরের দালানকোঠা বা অবকাঠামোগত নির্মাণ নয়, এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে।

আজ রোববার দুপুরে জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যরিস্টার কায়সার কামাল বলেন, ‘আমাকে গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। উন্নয়ন বলতে আমি শুধু ভবন বুঝি না। যদি প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার্থী বের হতে না পারে, তবে চারতলা ভবন দিয়ে কী হবে?’

এ সময় দুর্গাপুর ও কলমাকান্দার কয়েকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক খারাপ ফলাফলে ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সমন্বিত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেন।
শিক্ষার্থীদের মানবিক গুণাবলিতে গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার জাপানের শিক্ষাব্যবস্থার উদাহরণ উল্লেখ করেন।

সেখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার বদলে মানবিক মূল্যবোধ শেখানো হয় উল্লেখ করে তিনি শিক্ষকদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার অনুরোধ জানান।

এছাড়া কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার নেই বললেই চলে।

নারী শিক্ষার্থীদের ফলাফলের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, সাধারণ শাখায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জনের মধ্যে ২১ জনই নারী শিক্ষার্থী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চল থেকেই ভবিষ্যতে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের ‘হাউ মাচ ল্যান্ড ডাজ অ্যা মেন নিড?’ বইটি উপহার দেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়