জেড নিউজ ডেস্ক:
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগীর হাতে থাকা বিশেষ একটি ব্রিফকেস নিয়ে আলোচনা শুরু হয়েছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই ব্রিফকেসে রয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন শীর্ষ নেতার সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে ব্রিফকেসটির উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।
সম্মেলনকে সামনে রেখে সামরিক ও পারমাণবিক সক্ষমতার জানান দিতেও যেন একের পর এক পদক্ষেপ নিচ্ছে মস্কো। এ সপ্তাহের শুরুতে জাপান দাবি করে, সন্দেহভাজন দুটি রুশ বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। একই সময়ে তাইওয়ানের পক্ষ থেকেও জানানো হয়, দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।
তাইওয়ানের কাছাকাছি রুশ বিমানের উপস্থিতির কয়েক ঘণ্টা পর স্যাটেলাইট চিত্রে ভিয়েতনামের দা নাং বিমানবন্দরে দুটি রুশ টিইউ-৯৫ ‘বেয়ার’ কৌশলগত বোমারু বিমানের অবস্থান দেখা যায়। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বোমারু বিমান দুটির সঙ্গে ছিল রাশিয়ার দুটি আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানও। সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে দূরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে রুশ সামরিক বিমানের এমন উপস্থিতিকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে পুতিনের।
বিশ্লেষকদের মূল্যায়ন, ইউক্রেন যুদ্ধে প্রত্যাশিত দ্রুত সাফল্য অর্জন করতে না পারায় রুশ সামরিক বাহিনীর দুর্বলতা ও সীমাবদ্ধতা সামনে এসেছে। পাশাপাশি যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতিও চাপের মুখে পড়েছে। সব মিলিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুতিন আগের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছেন বলে মনে করছেন তাঁরা।
এমন পরিস্থিতিতে পারমাণবিক কোড বহনের দাবিতে আলোচনায় আসা ব্রিফকেস, বিভিন্ন দেশের আকাশসীমার কাছাকাছি রুশ সামরিক বিমানের তৎপরতা এবং ভিয়েতনামের বিমানবন্দরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানের অবস্থান—সবকিছুকেই শক্তি প্রদর্শনের সমন্বিত কৌশল হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।





