spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

জেড নিউজ ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট। আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে একটি মসজিদের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। পরে গুলিতে নিহত হন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের দাবি, গত ১১ নভেম্বর আখরান এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলায় জড়িত ছিলেন লতিফ। ওই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগী উমর নিসার দার সোমবার কুলগামে পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, লতিফ একটি মসজিদের ভেতরে আত্মগোপন করেছিলেন। তাকে আত্মসমর্পণ করতে রাজি করানোর জন্য পুলিশের পক্ষ থেকে ভিডিও কলে যোগাযোগ করা হয়। এ সময় কর্মকর্তারা তাকে জীবনের মূল্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি।

কুলগামের জ্যেষ্ঠ পুলিশ সুপার আনায়াত আলী জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। তিনি নিজেও দীর্ঘ সময় ভিডিও কলে তার সঙ্গে কথা বলেছেন। লতিফকে বলা হয়েছিল, তার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে এবং তিনি বয়সেও তরুণ। কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি।

মসজিদের বাইরেও মাইকিং করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে রাত ২টা ৪৫ মিনিটের দিকে তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতরে অবস্থান করায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখিয়েছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশের তদন্তে জানা গেছে, গত ১০ নভেম্বর লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার আখরানসহ মীরবাজার, হাবলিশ ও কিলাম এলাকার কয়েকটি স্থানে ঘুরে নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান পর্যবেক্ষণ করেন। হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও পরিকল্পনার অংশ হিসেবে তারা এসব এলাকায় রেকি চালিয়েছিলেন বলে পুলিশের দাবি।

পরদিন ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে পালিয়ে যান তারা। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উমর নিসার দার গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছিলেন। দার নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছিল।

এ ছাড়া গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর হামলায়ও লতিফ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। গত ১ আগস্ট কুলগামে দুই অভিবাসী শ্রমিক হত্যার পেছনেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন সিআরপিএফপ্রধান জিপি সিং। তিনি সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়ে লেখেন, কিছু প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।

এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কেউ পালিয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে না।

এর আগে লতিফ ও তার সহযোগীকে ধরতে কুলগামে বড় পরিসরে তল্লাশি ও ঘেরাও অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়