spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

জেড নিউজ স্পোর্টস:

বুয়েনস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসিপরবর্তী আকাশি-সাদারা সত্যিই আর আগের আর্জেন্টিনা নয়, এমন কানাঘুষা শুরু হতে দেরি হয়নি। মঙ্গলবার কর্দোবায় এর জবাব এলো ৭-০ গোলে। মাঝে পিষ্ট হলো প্রতিপক্ষ কোস্টারিকা।

শুরুটা করলেন নিকো পাজ। ম্যাচের মাত্র ৮ মিনিটে। ২২ বছরের এই ইতালিয়ান ক্লাব কোমোর অ্যাটাকিং মিডফিল্ডার প্রথম আঘাতটা হানলেন, আর তারপর ঘুরে দাঁড়ানোর সুযোগই পেল না কোস্টারিকা। ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করলেন।

তারপর এল ম্যাচের সেরা গোলটা। মাঝমাঠে বল পেয়ে পাজ ছাড়িয়ে গেলেন কোস্টারিকার একাধিক খেলোয়াড়কে। এরপর ‘টুইস্ট অ্যান্ড টার্নে’ যেভাবে পেনাল্টি এলাকার ভেতরে জায়গা বানিয়ে নিলেন, তাতে একটু দ্বিধাতেই পড়তে হলো, ইনি কি সত্যিই নিকো পাজ, নাকি চিরচেনা সেই মেসি? সেখান থেকে শট নিলেন টপ কর্নারে, গোলরক্ষক পাত্রিক সেকেইরার দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। পুরো কাজটা ঠিক সেভাবে পাজ সারলেন, যেভাবে এক সময় আমরা দেখতাম আরেকজনকে।

৪৩ মিনিটে আলভারেজের জোরালো শটে ব্যবধান ৪-০। কাছের পোস্ট দিয়ে বল সোজা জালের ছাদে। বিরতিতে যাওয়ার সময় ম্যাচ প্রায় শেষ। পাজের হ্যাটট্রিকই হয়ে যেতে পারত। যদি তাকে তুলে না নিতেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ তার বদলে নামালেন ১৯ বছরের ফিওরেন্তিনা ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে। তিনিও নজর কাড়লেন।

বদলিটা দেখেই বোঝা যায় আর্জেন্টিনার ভাবনাটা কোথায় যাচ্ছে। একজন তরুণকে সরিয়ে আরেকজন তরুণকে নামানো। সোনালি প্রজন্ম নিজের জায়গা ছেড়েছে, নতুন প্রজন্ম সেটা ভরাট করার প্রস্তুতি নিচ্ছে। মাস্তান্তুয়োনো মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল করলেন। ৫-০। ৭৮ মিনিটে লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তার ষষ্ঠ গোল। আর ম্যাচ শেষের দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-০ করলেন মাস্তান্তুয়োনো, নিচু ও জোরালো শটে।

আগের ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল, সেদিন ব্রাজিলও জাপানের কাছে হেরে বসেছিল। এরপর গেল দিন ব্রাজিল সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। এবার আর্জেন্টিনাও হাঁটল সে পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়