জেড নিউজ, ডেস্ক :
ভাত চুরি করে খাওয়ার অভিযোগে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে আযমের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে নিহতের সহপাঠী একই ভবনে মেসে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চুরির অভিযোগে পিটুনির বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
নিহত ছাত্রের বাবা বললেন, ‘কারও কাছে বিচার দেব না, আমরা বিচার পাবোনা। আল্লাহ কাছে বিচার চাইবো’।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থাকতেন আযম।
নিহত আজমুল ওরফে আযম (২৩) বেসরকারি বিশ্ববিদ্যালয় “খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি”র ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী । তিনি মাত্র ১০ দিন আগে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আযম।




