জেড নিউজ, ডেস্ক :
রাশমিকা মান্দানার অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে চলেছে আরেকটি ভিন্ন রকম সিনেমা। যেটি নির্মিত হচ্ছে ভারতের কর্ণাটকের কিংবদন্তি সংগীতশিল্পী, ভারতরত্ন মাদুরাই শানমুখবাদিভু (এম.এস.) সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে। পরিচালক গৌতম তিন্নানুরির বহুল প্রতীক্ষিত বায়োপিকে এম.এস. সুব্বুলক্ষ্মীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।
কিংবদন্তি এই সংগীতশিল্পীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের দ্য মিউজিক একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে নেটিজেন ও রাশমিকার ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা। এর কারণ একটাই, রাশমিকা যখন যে সিনেমায় কাজ করেছেন, তা নিয়ে দর্শকের কৌতূহল থাকে চোখে পড়ার মতো।
সিনেমার দর্শকের কাছে এই অভিনেত্রী রীতিমতো হয়ে উঠেছেন ভারতের জাতীয় ক্রাশ। যদিও সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করে খুব একটা সাফল্য পাননি। তবু আলোচনা থেমে থাকেনি দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীকে নিয়ে।
কিছুদিন আগে তাঁর ‘ককটেল-২’ সিনেমাটিও বলিউড বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপরও রাশমিকার দিক থেকে মুখ ফিরিয়ে নেননি ভক্তরা। বরং অভিনেত্রীর মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো বড় রকমের সাফল্য পাবে, সমাজ মাধ্যমে এমন আশাবাদ ব্যক্ত করে চলেছেন অনুরাগীরা। তাই রাশমিকা তাঁর নতুন সিনেমার একটি পোস্টার সমাজমাধ্যমে শেয়ার করতে শুরু হয়েছে তুমুল আলোচনা।
এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সুব্বুলক্ষ্মীর বায়োপিক নিয়ে রাশমিকা ছাড়াও নির্মাতারাও দারুণ আশাবাদী। কারণ প্যান-ইন্ডিয়া স্কেলে তৈরি হতে চলা এই প্রজেক্টটিতে ভারতীয় সিনেমার প্রথম সারির বহু কলাকুশলী রয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি। সংগীত পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।
গীতা আর্টস-এর ব্যানার থেকে অল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ এবং বান্নি ভাস যৌথভাবে এটি প্রযোজনা করছেন। এম.এস. সুব্বুলক্ষ্মীর জন্মবার্ষিকীর বিশেষ ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘উলগনায়গন’ কমল হাসান।
এই বায়োপিক নিয়ে সমাজমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাশমিকা লিখেছেন, ‘কিছু কিংবদন্তি সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে থাকেন। কিছু সুর প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনি তোলে। আর কিছু গল্প সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে। আজ সেই যাত্রার সূচনা হলো, যা আমার জন্য অত্যন্ত সম্মানের।’
প্রসঙ্গত, ভারতের শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম.এস. সুব্বুলক্ষ্মী এক অবিস্মরণীয় নাম। ১৯৯৮ সালে ভারতরত্ন সম্মানে তাঁকে ভূষিত করা হয়। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পারফর্ম করা প্রথম ভারতীয় সংগীতশিল্পী ছিলেন তিনি। এ ছাড়াও উল্লেখযোগ্য আরও নানা সম্মান ছিল তাঁর ঝুলিতে।




