spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল রাতে, দেখবেন যেভাবে

জেড নিউজ, ঢাকা:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন শেষ হয়েছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। আজ রাতে শিক্ষার্থীরা কে কোন কলেজ পেল, তার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করবে ভর্তি কমিটি। শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে এ ফল দেখতে পারবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ রাতে যে ফল প্রকাশ করা হবে, তাতে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তা জানানো হবে। ২০ সেপ্টেম্বর থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সশরীরে নির্বাচিত হওয়া কলেজে গিয়ে শিক্ষার্থীদের ফি পরিশোধ করে ভর্তি হতে হবে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী আবেদন করে কলেজ পায়নি অথবা কোনো কারণে আবেদন করতে পারেনি, তাদের ২৪ সেপ্টেম্বরের পর পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিলে কেউ আর বাদ পড়বে না।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সন সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন সর্বোচ্চ ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সন ৩ হাজার এবং ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়