spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সৌদিতে হুতিদের হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

জেড নিউজ ডেস্ক:

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিষদের সদস্যরা সৌদির বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

নিরাপত্তা পরিষদের সদস্যরা ৭ আগস্ট দেওয়া নিজেদের বিবৃতির কথা উল্লেখ করে বলেন, তখনো সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানানো হয়েছিল। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দাবে জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা জানিয়ে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

হুতিদের ‘অবিলম্বে সামরিক উত্তেজনা বাড়ানো বন্ধ’ এবং বেসামরিক মানুষ ও স্থাপনা ক্ষতিগ্রস্ত করে এমন সব হামলা বন্ধের দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

পরিষদের সদস্যরা বেসামরিক মানুষের নিহত ও আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, সংঘাত আরও বাড়লে দেশটির ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও খারাপ হবে।

ইয়েমেনে পূর্ণাঙ্গ, নিরাপদ, দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পরিষদ। একই সঙ্গে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তাদের মধ্যে জাতিসংঘের ৭৩ জন কর্মী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও কূটনৈতিক মিশনের কর্মীরাও রয়েছেন।

হুতিদের হাতে অস্ত্র, সামরিক প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়ন পৌঁছানো ঠেকাতে ইয়েমেন সরকারকে বাস্তবভিত্তিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সব সদস্য রাষ্ট্রের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার যে অধিকার সৌদি আরবের রয়েছে, সেটিও পরিষদ স্বীকার করেছে।

ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদ। সদস্যরা বলেছেন, সহিংসতা, জবরদস্তি বা শক্তি প্রয়োগের মাধ্যমে ইয়েমেনে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়