spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

একই গান বারবার মাথায় বাজে কেন?

জেড নিউজ, ঢাকা:

সকালে নাশতার টেবিলে বসে হঠাৎই একটি গানের কথা মনে পড়ে গেল। অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আবার সেই একই গান যেন মনের মাঝে বাজতে শুরু করল। অফিসে কাজের ব্যস্ততার ভিড়েও হুট করে সেই গানের সুর মনে পড়ল। ফোন স্ক্রল করছেন, গানটা আবারও মনে মনে গুনগুনিয়ে উঠল।

আপনি ইচ্ছে করে কিন্তু গানটা বারবার মনে করছেন না। কিন্তু মনে হচ্ছে গানটা যেন কেউ আপনার মাথার ভেতরে চালিয়ে রেখেছে। এই গানটি হয়তো আপনি গত কয়েক দিনের মধ্যে শোনেননি।

সেই একই গান! সেই একই সুর! বারবার যেন মনের মধ্যে বেজেই চলেছে! আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা রয়েছে। আপনার ক্ষেত্রেও এরকম ঘটেছে নিশ্চয়ই? এখন প্রশ্ন হলো, কোনো গান বারবার মাথায় বাজতে থাকে কেন? এই বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার।

বারবার একই গান মনে পড়ার বিষয়টি আসলে কী
আপনি হয়তো মনে করার কোনো চেষ্টাই করেননি। তবুও কোনো গান বা গানের অংশবিশেষ আপনার মনের ভেতরে বাজতে থাকে। এই গানটা কিন্তু আপনি বাস্তবে শুনছেন না। ব্যাপারটা অনেকটা এরকম যে, আপনি মনে মনেই গানটা শুনছেন।

জনপ্রিয় কোনো গান বা অতীতে আমরা যে গানগুলো বেশি শুনেছি, সেই গানগুলোর ছোট কোনো অংশ বা আকর্ষণীয় কোনো লাইন আমাদের বেশি বেশি করে মনে পড়ে। কারণ এগুলো আমাদের স্মৃতিতে গেঁথে যায়। এ যেন গান, স্মৃতি আর ব্রেনের এক গল্প।

কোনো গান বারবার মাথায় বাজতে থাকে কেন
ডা. মেখলা সরকার বলেন, ‘গানের ধরন বা কথার সঙ্গে আমরা কোন পরিস্থিতি বা মানসিক অবস্থায় একটি গান শুনছি, তার ওপর অনেকাংশেই নির্ভর করে কোন গান আমাদের বারবার মনে পড়বে।’ কোনো গান বারবার মাথায় বাজতে থাকার কারণ হিসেবে ডা. মেখলা সরকার নিচের বিষয়গুলো উল্লেখ করেছেন—

গানের ধরন
গানের ধরন ও বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে কিছু কিছু গান আমাদের বেশি মনে পড়ে। দ্রুত বিটের, পরিচিত সুর বা খানিকটা ভিন্ন ধাঁচের গানগুলো আমাদের ব্রেনের কাছে আকর্ষণীয় মনে হয় এবং সহজেই মনে রাখতে পারে। গানের কোনো অংশ বারবার শুনলে সেটা মাথায় আরও গভীরভাবে গেঁথে যায়।

ভিন্নতা
স্বাভাবিক সুরের ওঠানামা রয়েছে—এমন গান আমাদের মস্তিষ্ক সহজেই মনে রাখতে পারে। তবে সুর বা ছন্দে কিছুটা ভিন্নতা, যেমন: হঠাৎ সুরের পরিবর্তন থাকলে সেই গান আমাদের স্মৃতিতে আরও গভীরভাবে গেঁথে যেতে পারে।

পুনরাবৃত্তি
যেসব গানে ছোট ছোট কথা বারবার আসে, সেগুলো আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। কোরাস বা গানের কিছু অংশ বারবার শুনলে তা আমাদের মনের মধ্যেও ঘুরেফিরে স্মরণে আসে।

গান শোনা
খেয়াল করলে দেখবেন যে, সম্প্রতি আপনি যে গানগুলো বেশি বেশি শুনেছেন, সেগুলোই আপনার মনে বারবার ফিরে আসছে।

জনপ্রিয়তা
বিভিন্ন সময়ের জনপ্রিয় গানগুলো বিভিন্ন গণমাধ্যমে বেশি প্রচারিত হয়। ফলে সেগুলো আমাদের প্রায়ই শোনা হয়। অনেক সময় দেখা যায় যে, গানগুলো আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও বারবার কানে আসার কারণে সেগুলো আমাদের বারবার মনে পড়ে।

আবেগ
কিছু কিছু গানের কথা আমাদের জীবনের স্মৃতি বা অনুভূতির সঙ্গে মিলে যায়। আনন্দ বা দুঃখের অনুভূতিগুলো কিছু কিছু গানকে আমাদের কাছে নস্টালজিক করে তোলে এবং অনেকটা স্মৃতি রোমন্থনের মতো মনের মাঝে বারবার বাজতে থাকে।

সবকিছুর মিল
কিছু কিছু গান হয়তো আপনি অনেক দিন শোনেননি, কিন্তু আপনার মস্তিষ্ক তা মনে রেখেছে। কারণ সুর, ছন্দ, আবেগের সঙ্গে সম্পৃক্ততা ও বৈচিত্র্য—এসব মিলিয়ে সেই গানকে আপনার কাছে বিশেষ করে তুলেছে।

বারবার একই গান মনে পড়ার বিষয়টি কি আমাদের সুখানুভূতি দেয়?
ডা. মেখলা সরকার বলেন, এই প্রশ্নের উত্তর সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’-তে দেওয়াটা সত্যিই কঠিন। এটি কখনো মনে আনন্দ দিতে পারে, কখনো বা কষ্টের অনুভূতিকে জাগিয়ে দিতে পারে, আবার কোনো বিশেষ অনুভূতিও তৈরি নাও করতে পারে। এটি মূলত নির্ভর করে আমাদের মানসিক অবস্থার ওপর। আমরা কোন পরিস্থিতি বা অনুভূতিতে গানটি শুনছি এবং সেই গান নিয়ে আগে থেকেই আমাদের মনে কী ধরনের প্রতিক্রিয়া রয়েছে, তার ওপরও এটি নির্ভর করে।

এই বিষয়টি কতক্ষণ স্থায়ী হয়?
সাধারণত এটি কয়েক মিনিট থেকে ঘণ্টাখানেক স্থায়ী হতে পারে এবং ধীরে ধীরে চলে যায়। তবে যে গানগুলো আপনার মধ্যে তীব্র আবেগ তৈরি করে—এমন গান বা সম্প্রতি যে গানগুলো বেশি শুনেছেন, সেগুলো হয়তো আরও কিছু সময় স্থায়ী হতে পারে। এছাড়া মানসিক চাপ বা ক্লান্তির কারণেও এই সময়ের দীর্ঘতা বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়