জেড নিউজ, ঢাকা:
কুমিল্লার স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডে গ্রেপ্তারকৃত ৪ আসামি নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হিসাব মতে, আগে তিনজন ও আজকে একজনসহ মোট চারজন গ্রেপ্তার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে।’
‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা প্রধানতম সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সমস্ত আলামত পাওয়া গেছে, তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ ধারায় জবানবন্দি করানোর কাজ করছে’, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘এই সমস্ত কিশোরদের বয়স ১৮ বছরের বেশি, তবে একজনের বয়স কম হতে পারে, যা এনআইডি চেক করে দেখা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সাথে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল, প্রায় সময় আড্ডা দিত—খোঁজখবর নিয়ে যা দেখা গেছে। তারা এই ছেলের বয়সের চেয়ে পাঁচ থেকে ১০ বছরের বড়।’
‘এখানে আমরা পুলিশের প্রশংসা করতে পারি, কারণ তারা ১২ ঘণ্টার মধ্যে সমস্ত আসামিকে গ্রেপ্তার এবং আলামত জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেন্সিক অ্যানালাইসিস করছে। আশা করি, রামিছা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটাও আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব। বিচার করবে আদালত, আর আমরা সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব। আশা করি বিচার বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে র্যামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার পদক্ষেপ নেবে’, আরও বলেন তিনি।




