জেড নিউজ, ঢাকা:
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।অপ্রতিমের জানাজায় অনেক মানুষ অংশ নেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন চলছিল।
১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে তুহিন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। নিখোঁজ হওয়ার পর বিকেলে ওই যুবক অপ্রতিমের সঙ্গে ছিলেন বলেও সূত্রগুলো জানিয়েছে। তবে অপ্রতিমের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্যও পাওয়া গেছে। তাদের আটকের বিষয়েও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অপ্রতিমের মৃত্যুর ঘটনা নিয়ে রোববার দুপুর ১২টায় পুলিশ বিস্তারিত তথ্য জানাবে বলে জানা গেছে।




