২১/০৬/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

    জেড নিউজ স্পোর্টস:

    ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছেন মিডফিল্ডার ক্যাসেমিরো। এরই মাঝে নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান।

    বিভিন্ন সূত্রের দাবি, ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন ৩৪ বছর বয়সী কাসেমিরো। জুনের শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইংলিশ ক্লাবটি নতুন চুক্তির প্রস্তাব দিলেও তা গ্রহণ করছেন না ব্রাজিলিয়ান তারকা। ফলে ইউরোপীয় ফুটবলে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত। এখন বাকি শুধু আনুষ্ঠানিক কাগজপত্রে স্বাক্ষর ও ক্লাবের ঘোষণার অপেক্ষা। চুক্তি সম্পন্ন হলে বিশ্বমানের এক ফুটবলারকে মিডফিল্ডে পাবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি।

    ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শেষ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন কাসেমিরো। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে করেছেন ৯ গোল, যা তার ক্যারিয়ারের সেরা গোলসংখ্যার একটি মৌসুম।

    ব্যক্তিগত কারণেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন কাসেমিরো। পরিবারের জন্য মায়ামির পরিবেশকে বেশি উপযোগী মনে করছেন তিনি। বিশেষ করে ছেলের বেড়ে ওঠার বিষয়টিও সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। এ কারণে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের আকর্ষণীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

    বর্তমানে ব্রাজিলের হয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন কাসেমিরো। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এবার বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হিসেবে যোগ দিতে চলেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়