জেড নিউজ স্পোর্টস:
দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার রেসলিং ও কম্ব্যাট স্পোর্টসে আধিপত্য বিস্তার করা ব্রক লেসনার এবার আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করেছেন। ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের অন্যতম সফল এই তারকা জানিয়েছেন, গত শনিবার সামারস্ল্যামে খেলা ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই। এর মধ্য দিয়ে ৪৯ বছর বয়সে রিংয়ের পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতামূলক কম্ব্যাট স্পোর্টসকে বিদায় জানালেন তিনি।
গত মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকএফি শো’-তে উপস্থিত হয়ে অবসরের ঘোষণা দেন ১০ বারের ডাব্লিউডাব্লিউই বিশ্বচ্যাম্পিয়ন।
লেসনার জানান, চলতি বছরের শুরুতে রেসলেমেনিয়ায় রিংয়ের মাঝখানে নিজের বুট ও গ্লাভস খুলে রাখার সময়ই মনে হয়েছিল তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে। তবে শেষবারের মতো দর্শকদের সামনে লড়াই করার ইচ্ছা থেকেই মিনিয়াপোলিসে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচে অংশ নেন তিনি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে লেসনার বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, আমি অবসর নিয়েছি। শনিবারের ম্যাচটি আমার জন্য খুবই আবেগঘন ছিল।
রেসলেমেনিয়ায় ওবা ফেমির কাছে হারের পর মনে হয়েছিল হয়তো আর রিংয়ে ফিরব না। কিন্তু রেসলিং আমাকে আবার টেনেছিল। মনে হয়েছিল, এখনও কিছু দেওয়ার আছে। তবে এখন মনে হচ্ছে, এটাই সঠিক সময়।
শনিবারের ম্যাচের মধ্য দিয়েই ব্রক লেসনারের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। রেসলিং হোক বা অন্য কোনো প্রতিযোগিতা- সবকিছু থেকেই আমি বিদায় নিচ্ছি। ’
এই ঘোষণার মধ্য দিয়ে পেশাদার ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ও সফল এক ক্যারিয়ারের ইতি ঘটল। ২০০০ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন–১ জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে আলোচনায় আসেন লেসনার। মাত্র দুই বছর পর ডাব্লিউডাব্লিউইতে অভিষেকেই নিজের বিখ্যাত ‘এফ-ফাইভ’ ফিনিশিং মুভে ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি গড়েন।
পরবর্তী সময়ে তিনি মোট ১০টি বিশ্ব শিরোপা জেতার পাশাপাশি দুটি রয়্যাল রাম্বল, একটি কিং অব দ্য রিং এবং একটি মানি ইন দ্য ব্যাংক জয়ের স্বাদ পান। ২০১৪ সালে রেসলেমেনিয়ায় দ্য আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তও উপহার দেন তিনি।
রেসলিংয়ের বাইরেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন লেসনার। ২০০৪ সালে এনএফএলের মিনেসোটা ভাইকিংসের হয়ে প্রাক-মৌসুমে খেলেন তিনি। পরে ২০০৭ সালে ইউএফসিতে যোগ দিয়ে মাত্র চতুর্থ লড়াইয়েই, ২০০৮ সালে, হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতেন।
ক্যারিয়ারের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত লেসনার বলেন, ‘আমি দক্ষিণ ডাকোটার এক সাধারণ খামারের ছেলে ছিলাম। বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিই আমাকে এই জায়গায় এনেছে। জীবনে যা অর্জন করেছি, তার জন্য সৃষ্টিকর্তা এবং যারা সবসময় পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ শুধু সাফল্যটাই দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনে কত ত্যাগ আর পরিশ্রম লুকিয়ে থাকে, তা অনেকেই দেখে না। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে কঠোর পরিশ্রম করলে একদিন তার ফল অবশ্যই পাওয়া যায়।





