জেড নিউজ, ঢাকা:
বর্ষার সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক বছরের। খামখেয়ালি এই আবহাওয়ায় আকাশে চলে মেঘ-বৃষ্টি-রোদের লুকোচুরি খেলা। তাই বর্ষার দিনে স্টাইলের পাশাপাশি আরাম,ব্যবহারিক সুবিধা এবং দীর্ঘস্থায়ী সৌন্দর্য-এই তিনটির মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু সচেতন পরিকল্পনায় বর্ষার দিনেও নিজেকে রাখা যায় সতেজ, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী।
পোশাক নির্বাচন
বর্ষায় হঠাৎ নামা বৃষ্টিতে পরনের শখের পোশাকটি নষ্ট হোক, তা নিশ্চয়ই চান না? মেঘ-রোদের দিনে পোশাক নির্বাচনের প্রধান শর্ত হলো আরাম ও স্থায়িত্ব। তাই এই সময়ে সুতি পোশাকগুলোকে একটু বিশ্রামে রেখে বেছে নিতে পারেন লিনেন, জর্জেট বা নরম রেশমি কটন।
বৃষ্টিতে হঠাৎ ভিজে গেলেও জর্জেট বা শিফন দ্রুত শুকিয়ে যায়; আবার রোদের মধ্যে লিনেন দেয় সর্বোচ্চ আরাম। মেঘলা দিনের বিষণ্ণতা কাটাতে পোশাকে আনুন উজ্জ্বলতা। স্কাই ব্লু, সি-গ্রিন, সরিষা হলুদ, প্যাস্টেল পিংক বা সি-ফোম সবুজ-এই সময় দারুণ মানায়। তবে খুব হালকা রং (যেমন সাদা) একটু এড়িয়ে চলাই ভালো, কারণ কাদাপানি ছিটকে দাগ লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
ওয়েস্টার্ন ফিউশন ও কাটিং
বিশ্ববিদ্যালয় বা অফিসগামী তরুণীদের জন্য একটু ছোট ঝুলের পোশাকই শ্রেয়। এ সময় লং ড্রেস বা খুব বেশি ঝুলের কামিজ পরা একদমই বেমানান। হাই-ওয়েস্টেড অ্যাঙ্কেল-লেংথ প্যান্ট বা ক্রপড ট্রাউজারের সঙ্গে ফ্লোরাল শার্ট কিংবা কুর্তি বেশ মানানসই। স্কার্ট পরলে খুব বেশি ঝুলের স্কার্ট না পরে মিডি বা শর্ট স্কার্ট বেছে নিতে পারেন, যাতে নিচে কাদা না লাগে। সালোয়ার-কামিজের ক্ষেত্রে সিগারেট প্যান্ট বা অ্যাঙ্কেল-লেংথ কাটিং এখন ট্রেন্ডি। আর যদি শাড়ি পরার পরিকল্পনা থাকে, তবে শিফন বা প্রিমিয়াম জর্জেটের প্রিন্টেড শাড়িই হবে সেরা পছন্দ। এগুলো সামলানো যেমন সহজ, তেমনি পানি লাগলেও নষ্ট হয় না।
ওয়াটারপ্রুফ মেকআপ ও স্মার্ট হেয়ারস্টাইল
বর্ষার মেকআপ হওয়া চাই হালকা, যাতে বৈরী আবহাওয়ায় সহজে মানিয়ে যায়। চোখে টানতে পারেন নীল, হালকা সবুজ বা ছাই রঙের ওয়াটারপ্রুফ কাজল ও মাসকারা; ঠোঁটে লাগাতে পারেন গ্লোসি লিপস্টিক। হালকা পিংক, লাইট ব্রাউন কিংবা মেলন কালার বেশ মানাবে।
বৃষ্টি আর আর্দ্রতার জুটিতে চুল ফ্রিজি বা উস্কো-খুস্কো হয়ে যাওয়া স্বাভাবিক। খোলা চুল বর্ষায় বেশ ঝামেলার, তাই চুল কিছুটা পরিপাটি করে বেঁধে রাখা বুদ্ধিমানের কাজ। যারা ওয়েস্টার্ন লুক পছন্দ করেন, তারা করতে পারেন হাই পনিটেইল, ফ্রেঞ্চ ব্রেইড (ফরাসি বেণি) বা সাইড ব্রেইড। কাজের মধ্যে থাকলে কিংবা ঝটপট তৈরি হতে চাইলে চুল পেঁচিয়ে নিয়ে করতে পারেন ক্যাজুয়াল ‘হাতখোঁপা’। উৎসবের আমেজ আনতে চুলে গুঁজে নিতে পারেন বর্ষার একটি তাজা ফুল। এছাড়াও লম্বা বা মাঝারি চুলে রঙিন স্কার্ফ বা মেটালের ক্লিপ জড়িয়ে নিলে সাজে আসবে আলাদা মাত্রা।
জুতা ও অ্যাকসেসরিজ
জেলি ফ্ল্যাটস, রাবারের ট্রেন্ডি স্লাইডার, অ্যান্টি-স্লিপ স্যান্ডেল বা অ্যান্টি-স্কিড ম্যুলস এই সময়ের সেরা সঙ্গী। জরি বা পুঁতির কারুকাজ করা জুতো বাক্সবন্দি করুন এবং দামি চামড়ার জুতা বা কাপড়ের স্নিকার্স আপাতত তুলে রাখুন। রেক্সিন, রাবার বা স্পঞ্জের তৈরি ফ্যাশনেবল স্লিপার বর্ষার জন্য উপযোগী। রাস্তা বেশি কাদাময় হলে স্বাচ্ছন্দ্যের জন্য বেছে নিতে পারেন সেমি-হিল, এতে পা কাদা থেকে দূরে থাকবে।
সঙ্গে রাখুন জলরোধী ব্যাগ বা স্টাইলিশ ক্রসবডি ব্যাগ, যাতে ফোন ও মেকআপের জিনিসগুলো বৃষ্টি থেকে বাঁচে। বাজারে এখন বর্ষার উপযোগী দারুণ সব ফ্যাশনেবল রাবার, প্লাস্টিক বা রেক্সিনের ব্যাগ পাওয়া যায়, যা আপনার লুকে ট্রেন্ডি ভাইব আনবে। গয়না হিসেবে হালকা অক্সিডাইজড জুয়েলারি বা মেটালের মিনিমাল কানের দুল মানানসই। হাতে পরতে পারেন হালকা রঙের এক গোছা কাচের চুড়ি।
এই রঙিন ক্যানভাসে আপনার ফ্যাশন সেন্স হোক সহজ, স্বাচ্ছন্দ্যময়। আত্মবিশ্বাস আর একটি প্রাণবন্ত হাসির চেয়ে বড় কোনো ফ্যাশন অনুষঙ্গ তো হতে পারে না! বর্ষার দিনগুলো আপনার জন্য হয়ে উঠুক স্নিগ্ধ ও সুন্দর।





