spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১

জেড নিউজ ডেস্ক : 

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।

এর মধ্যে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহও রয়েছে। অভিযানটিকে ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য পণ্য চোরাচালানের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়।

হামলার আগে হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, হুদাইদাহ বন্দরে আঘাত এলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এর মধ্যে জেদ্দা বন্দরও রয়েছে। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি।

এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে জোট। অন্য এক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানান তিনি।

এদিকে হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়