spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইনফান্তিনোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে উয়েফা

জেড নিউজ স্পোর্টস:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে উয়েফা। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগদাকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা বাতিল হওয়ার পরেই ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইনফান্তিনো নিজে থেকে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে এই প্রস্তাব আনবে উয়েফা। উয়েফার ৫৫টি সদস্য দেশই এই সিদ্ধান্তকে সমর্থন করতে প্রস্তুত। ফিফার নিয়ম অনুযায়ী, ৪৩টি সদস্য দেশের সমর্থন পেলেই অনাস্থা প্রস্তাব আনা যাবে। শনিবার ফিফা তাদের বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু সেই সিদ্ধান্তের পরও ফিফার নেতৃত্বের কড়া সমালোচনা করেছে উয়েফা। উয়েফার দাবি, বিশ্বকাপসহ বড় টুর্নার্মেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ব্যর্থ চেষ্টার মধ্য দিয়ে ফুটবলবিশ্বের আস্থা হারিয়েছেন ইনফান্তিনো। তাকে সিংহাসনচ্যুত করার উদ্যোগে উয়েফার সঙ্গে জোট বেঁধেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ।

উয়েফা জানিয়েছে, এই প্রস্তাব বাতিল হওয়া ফুটবলবিশ্বের জয়। তাদের স্পষ্ট বক্তব্য, ফুটবল বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কথা বলেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। তারা অভিযোগ জানিয়েছে, ২০১৬ সালে ফিফা সভাপতি হওয়ার সময় ইনফান্তিনো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি।

এই বিতর্কের কেন্দ্র ছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার একটি নতুন সংস্থার হাতে তুলে দিয়ে সেখানে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার দেওয়ার পরিকল্পনা ছিল। ফিফার দাবি ছিল, এর ফলে সদস্য দেশগুলো আরও বেশি করে অর্থ পাবে, যার ফলে তাদের উন্নয়ন হবে। তবে বিভিন্ন দেশের বিদ্রোহের কারণে ফিফা নিজেই এই পরিকল্পনা বাতিল করেছে। এবার উয়েফার এই অনাস্থা প্রস্তাবে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল।

এদিকে ৩৭ সদস্যের ফিফা কাউন্সিলের একটি অংশও ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অন্তত ১৯ সদস্যের সমর্থন পেলে দুই সপ্তাহের মধ্যে জরুরি বৈঠক ডেকে ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানাতে পারে ফিফা কাউন্সিল। তাতে কাজ না হলে ৪৩ সদস্য দেশের সমর্থন নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব আনবে উয়েফা। সেই প্রস্তাব পাশ হতে ভোটাভুটিতে ১০৬টি দেশের সমর্থন প্রয়োজন হবে। ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ১৪৩টি দেশ।

তবে ইনফান্তিনোকে হঠানোর উদ্যোগে এদের সবার সমর্থন না-ও পেতে পারে উয়েফা। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও কাতারের সমর্থনে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে শেষ পর্যন্ত যদি টিকেও যান, তবু ২০২৭ সালের মার্চের নির্বাচনে ইনফান্তিনোর জয়ের সম্ভাবনা ক্ষীণ। ইউরোপিয়ান লিগসের প্রধান ক্লাদিউস শাফারের মতে, তৃতীয় পক্ষকে আর্থিক সুবিধা দিতে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি। শাফার বলেছেন, এমন একটি বিতর্কিত ঘটনার পর কোনো প্রতিষ্ঠানের প্রধানের স্বাভাবিক পরিণতি হওয়া উচিত পদত্যাগ কিংবা অপসারণ। ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় আছেন কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়