জেড নিউজ, ঢাকা:
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে বাজারের নজর রয়েছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসংক্রান্ত মন্তব্যের দিকে।
চলতি সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪৫ ডলার ৫৯ সেন্টে। এর আগের দিন স্বর্ণের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
অন্যদিকে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৩ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়।
বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি যুক্তরাষ্ট্রের ট্রেজারি নোটের মুনাফা বেড়ে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধারণের সুযোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। একই সঙ্গে ফেড প্রধান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এতে ভবিষ্যতে ফেড কী ধরনের নীতিগত সিদ্ধান্ত নেবে, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হওয়ায় এর চাহিদা কমে যায়।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা এখন বাজারে ৬৭ শতাংশ হিসেবে মূল্যায়িত হচ্ছে। নীতিগত সিদ্ধান্ত ঘোষণার আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৮১ শতাংশ।





