জেড নিউজ, ঢাকা:
বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় দীর্ঘদিন পর দূষিত বায়ুর শীর্ষ শহরের তালিকা থেকে কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
এমন অবস্থায় আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দূষণের তালিকায় ঢাকার অবস্থান ১৩ নম্বরে। যার বায়ুমান স্কোর ৯৫। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের হিসাবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২২৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৫৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৫৫ স্কোর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
এর পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।





