জেড নিউজ ডেস্ক:
মহাকাশে লুকিয়ে থাকা বড় কোনো গ্রহাণু যদি হঠাৎ পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন কী হবে? ফুটবল মাঠের সমান একটি গ্রহাণু আস্ত একটি শহর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এমন বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে শেষ ভরসা হতে পারে পারমাণবিক অস্ত্র। সম্প্রতি একদল বিজ্ঞানী শক্তিশালী কম্পিউটার সিমুলেশনের সাহায্যে এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একদল বিজ্ঞানী বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন, ১৬০ মিটার চওড়া একটি গ্রহাণুর কাছে এক মেগাটনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালে ঠিক কী ঘটে। বিজ্ঞানীরা জানান, বোমাটি সরাসরি গ্রহাণুর গায়ে আঘাত করার কোনো প্রয়োজন নেই। কয়েক মিটার দূরে বিস্ফোরণ ঘটালেই কাজ হবে।
মূলত পারমাণবিক বিস্ফোরণ থেকে বিপুল পরিমাণ এক্স-রে বা রঞ্জনরশ্মি তৈরি হয়। এই রশ্মির ব্যাপক তাপে গ্রহাণুর উপরিভাগ গলে বাষ্প হয়ে যেতে পারে। এতে গ্রহাণুটির গতি ও দিক বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি এর ভেতরে তৈরি হওয়া শক্তিশালী তরঙ্গের কারণে গ্রহাণুটি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে।
নাসার পর্যবেক্ষণে থাকা ‘বেন্নু’ গ্রহাণুর আদলে থ্রিডি মডেল তৈরি করে পরীক্ষাটি চালানো হয়। দেখা যায়, গ্রহাণু থেকে ১০ মিটারের চেয়ে ২৫ মিটার দূরে বিস্ফোরণ ঘটালে বেশি সুফল মেলে। কারণ, এতে এক্স-রে অনেক বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ পায়।
তবে এই গবেষণার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গ্রহাণুটি ভাঙার পর এর টুকরোগুলো মহাকাশে মিশে যাবে, নাকি আবারও একত্রিত হয়ে পৃথিবীর জন্য বিপদের কারণ হবে—তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে বিজ্ঞানীরা মনে করেন, জরুরি মুহূর্তে পৃথিবীকে রক্ষার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র একটি কার্যকর উপায় হয়ে উঠতে পারে।





