জেড নিউজ, ঢাকা:
অফিসে কারও ছুটি, তার কাজটা আপাতত আপনিই করে দিলেন। নতুন সহকর্মী একটি বিষয় বুঝতে পারছেন না, তাকেও সাহায্য করলেন। মিটিংয়ের আগে জরুরি একটি কাজ বাকি, সেটিও আপনার কাছে এলো।
সহকর্মীদের সাহায্য করা কিংবা প্রয়োজনে নিজের দায়িত্বের বাইরে গিয়ে কাজ করা পেশাগত জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু এমনটা যদি মাঝেমধ্যে না হয়ে নিয়মিত ঘটতে থাকে? নিজের কাজের পাশাপাশি অন্যের অসম্পূর্ণ কাজ শেষ করা, নতুন কর্মীকে শেখানো, জরুরি কাজ সামলানো, এমনকি কার দায়িত্ব তা পরিষ্কার নয় এমন কাজও আপনার কাছে চলে আসছে। একসময় অফিসে অলিখিত একটি ধারণা তৈরি হতে পারে, কাজটি যারই হোক, আপনাকে দিলেই হয়ে যাবে।
দক্ষ ও দায়িত্বশীল কর্মী হওয়া ভালো। তবে সেই দক্ষতার কারণেই অজান্তে অফিসের ‘সব কাজের মানুষ’ হয়ে উঠছেন কি না, সেটিও খেয়াল রাখা দরকার।
সাহায্য কখন নিয়মিত দায়িত্ব হয়ে যাচ্ছে?
একদিন কোনো সহকর্মীর কাজ করে দেওয়া আর প্রতি সপ্তাহে তার কাজের একটি অংশ সামলানো এক বিষয় নয়। প্রথমটি সহযোগিতা, দ্বিতীয়টি ধীরে ধীরে আপনার দায়িত্বের অংশ হয়ে যেতে পারে। বিষয়টি বোঝার জন্য গত কয়েক সপ্তাহের কাজের দিকে তাকান। এমন কোনো দায়িত্ব কি নিয়মিত করছেন, যা শুরুতে সাময়িকভাবে নিয়েছিলেন? এমন কাজ কি আপনার কাছে আসছে, যার জন্য আসলে অন্য কেউ দায়িত্বপ্রাপ্ত? নিজের মূল কাজ শেষ করতে কি এখন আগের চেয়ে বেশি সময় লাগছে? এই প্রশ্নগুলোর উত্তর বারবার ‘হ্যাঁ’ হলে বুঝতে হবে, আপনার কাজের পরিধি হয়তো অজান্তেই বদলে যাচ্ছে।
দক্ষতার পুরস্কার যেন শুধু আরও কাজ না হয়
যিনি দ্রুত ও নির্ভরযোগ্যভাবে কাজ শেষ করেন, গুরুত্বপূর্ণ সময়ে তার ওপর আস্থা রাখাটাই স্বাভাবিক। কোনো জরুরি দায়িত্ব দক্ষ কর্মীর হাতে দেওয়াকে সক্ষমতার স্বীকৃতিও বলা যায়। তবে ভালো কাজের ফল হিসেবে যদি শুধু কাজের পরিমাণই বাড়তে থাকে, তখন বিষয়টি নিয়ে ভাবা দরকার। দায়িত্ব বাড়ছে, কিন্তু পদ, বেতন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিংবা পেশাগত অবস্থানে তার কোনো প্রতিফলন নেই—এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। একসময় দেখা যেতে পারে, একই পদে থেকেও আপনি এমন অনেক কাজ করছেন, যা আগে আপনার দায়িত্বের মধ্যে ছিল না। তখন বেশি কাজ করা আর ক্যারিয়ারে এগিয়ে যাওয়া এক বিষয় থাকছে না।
বাড়তি কাজের হিসাব রাখুন
নিজের মূল দায়িত্বের বাইরে উল্লেখযোগ্য কোনো কাজ করলে সেটির সংক্ষিপ্ত হিসাব রাখুন। কোন প্রকল্পে কাজ করেছেন, নতুন কী দায়িত্ব নিয়েছেন, কোনো সহকর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন কি না কিংবা বাড়তি দায়িত্ব থেকে কী ফল এসেছে, সেগুলো লিখে রাখা যায়। কারণ প্রতিদিনের কাজের মধ্যে এসব সহজেই হারিয়ে যায়। কয়েক মাস পর পারফরম্যান্স মূল্যায়নের সময় হয়তো নিজেই সব মনে করতে পারবেন না। পদোন্নতি বা বেতন নিয়ে আলোচনার সময় শুধু ‘আমি অনেক বাড়তি কাজ করি’ বলার চেয়ে নির্দিষ্ট দায়িত্ব ও ফল তুলে ধরা অনেক বেশি কার্যকর।
সব কাজ করতে পারা অবশ্যই দক্ষতা। কিন্তু সব কাজ আপনাকেই করতে হবে না—এই সীমাটি বুঝতে পারাও পেশাগত দক্ষতার অংশ।





