spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্ট

জেড নিউজ ডেস্ক:

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই ইমরানের পরিবার ও দলের নেতারা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। কারাগারে রাখার সময় চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে তারা দাবি করছিলেন। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেক কমে গেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে রাষ্ট্রীয় উপহার গ্রহণে অনিয়ম ও বেআইনি বিয়ের মামলাও রয়েছে। তিনি ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। কয়েকটি মামলায় সাজা স্থগিত বা বাতিল হলেও কিছু এখনো বিচারাধীন।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি স্বস্তিদায়ক। তবে আগে হলে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা ক্ষতি হতো না।

ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা এক্সে জানিয়েছেন, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই রাখার কথা বলা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ইমরানের সঙ্গে কারাগারে ভালো আচরণের দাবি জানিয়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল পিটিআই। এখনো কয়েকটি প্রদেশে দলটির বড় সমর্থন রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে দলের নির্বাচনী প্রতীক বাতিল করায় প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে লড়তে হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়