spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তেল ছাড়া তৈরি করুন তালের পিঠা

জেড নিউজ, ঢাকা:

ভাদ্র মাস এলেই পাকা তালের মিষ্টি গন্ধে জমে ওঠে গ্রামবাংলার রান্নাঘর। তাল দিয়ে তৈরি নানা রকম পিঠা, পায়েস ও মিষ্টান্ন এ সময়ের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় জায়গা করে নেয়। বিভিন্ন অঞ্চলে পাকা তালের ক্বাথ দিয়ে তৈরি কলাপাতা পোড়া পিঠা বেশ জনপ্রিয়। নামের মতোই এই পিঠা কলাপাতায় মুড়ে পোড়ানো হয় এবং তৈরিতে আলাদা করে কোনো তেল লাগে না। তালের স্বাভাবিক মিষ্টতা ও সুগন্ধে পিঠাটির স্বাদ হয়ে ওঠে অনন্য।

ঐতিহ্যবাহী এই আঞ্চলিক পিঠা তৈরির পদ্ধতিও বেশ সহজ। তবে রান্নার আগে পাকা তালের পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। এরপর দেখে নিন জনপ্রিয় কলাপাতা পোড়া পিঠার সহজ রেসিপি।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কলাপাতা পোড়া তালের পিঠা তৈরি করবেন-

উপকরণ

পাকা তালের ক্বাথ ১ কাপ

চালের গুঁড়া ১ কাপ

ময়দা আধা কাপ

চিনি ১ কাপ

গুড় আধা কাপ

কোড়ানো নারিকেল আধা কাপ

লবণ স্বাদমতো

দুধ পরিমাণ মতো

কলাপাতা ১টি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে তালের ক্বাথ, চালের গুঁড়া, ময়দা, চিনি , গুড়, কোরানো নারিকেল ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব পাতলা বা বেশি ঘন হবে না। মিশ্রণটি ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

এবার কলাপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। চুলায় হালকা আঁচে পাতাগুলো একটু সেঁকে নিন। এতে পাতা নরম হবে এবং পিঠা মুড়তে গিয়ে ফেটে যাওয়ার আশঙ্কা থাকবে না। একটি কলাপাতার টুকরোর ওপর রুটির তুলনায় সামান্য বেশি পুরু করে ব্যাটার ঢেলে দিন। এরপর একই মাপের আরেকটি কলাপাতা দিয়ে ব্যাটারটি ঢেকে দিন। পাতাটি সুন্দর করে মুড়ে বা ভাঁজ করে নিন, যাতে ব্যাটার বাইরে বেরিয়ে না আসে।

এবার মাঝারি আঁচে একটি তাওয়া গরম করুন। তাওয়া গরম হলে মোড়ানো পিঠাগুলো একে একে তাওয়ার ওপর বসিয়ে ঢাকনা দিয়ে দিন। একপিঠ ভালোভাবে সেঁকা বা সিদ্ধ হয়ে গেলে সাবধানে উল্টে অপর পিঠও সেঁকে নিন।

কলাপাতাটি কিছুটা পুড়ে বাদামি রং ধারণ করলে এবং চারপাশে তালের মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়লে বুঝতে হবে পিঠা তৈরি হয়ে গেছে। তাওয়া থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। এরপর পাতা খুলে নরম, সুগন্ধি তালের পিঠা পরিবেশন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়