জেড নিউজ ঢাকা:
রাজধানীর বাড্ডা থেকে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহান (৩৯) প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বুধবার (১৯ আগস্ট) সকালে র্যাব -১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে র্যাব -১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা হাইস্কুল এলাকায় অভিযান চালায়।
এ সময় সিআর নং-৫/২৪, তারিখ ১ জুলাই ২০২৬, স্মারক নং-৩৪৩ (চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ) এবং পেনাল কোড-১৮৬০-এর ৪০৬/৪২০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শিবনারায়ণপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. সানোয়ার হোসেন।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





