spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

২০২৭ সালে ‘শতাব্দীর সূর্যগ্রহণ’, দেখা যাবে যেসব স্থান থেকে

জেড নিউজ ডেস্ক:

২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস অবস্থায় থাকার কারণে ইতোমধ্যে এটিকে ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ বলা হচ্ছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সহজে যাওয়া যায় এমন স্থলভাগ থেকে দেখা সূর্যগ্রহণগুলোর মধ্যে ২১১৪ সাল পর্যন্ত এটিই সবচেয়ে দীর্ঘ হতে পারে।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে মিসরে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড। এর তুলনায় ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ পূর্ণগ্রাস স্থায়ী হয়েছিল ২ মিনিট ১৮ সেকেন্ড।

তবে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে মিসরেই যেতে হবে এমন নয়। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যাবে।

যেসব স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস

স্পেনের মারবেলায় পূর্ণগ্রাস স্থায়ী হবে ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। স্পেনের অধীন উত্তর আফ্রিকার অঞ্চল সেউতা ও মেলিয়া থেকেও যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড পূর্ণগ্রাস দেখা যাবে।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ডের পূর্ণগ্রাস।

উত্তর আফ্রিকার মরক্কোর টাঙ্গিয়ারে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার কয়েকটি শহরও থাকবে পূর্ণগ্রাসের পথে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে গ্রহণের পূর্ণগ্রাস স্থায়ী হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবের জেদ্দায় পূর্ণগ্রাস দেখা যাবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।

দীর্ঘ সময়ের এই পূর্ণগ্রাস দেখার সুযোগকে কেন্দ্র করে এরই মধ্যে পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গ্রহণের পথের বিভিন্ন এলাকার অনেক হোটেল আগেভাগেই বুক হয়ে যাচ্ছে। পাশাপাশি অবশিষ্ট থাকার জায়গাগুলোর ভাড়াও বেড়ে গেছে বলে জানা গেছে।

তীব্র গরম নিয়ে যারা চিন্তিত, তাদের জন্যও রয়েছে কিছুটা স্বস্তির খবর। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাস চলাকালে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

২০২৮ সালেও থাকছে সূর্যগ্রহণের সুযোগ

২০২৭ সালের পরও সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকছে। ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর ২২ জুলাই ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়