নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরী গ্রামে দুই বছরের শিশু নুর ইসলামকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে দাদি সকেনা বেগমের (৪০) বিরুদ্ধে। তিনি গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিশু নুর ইসলামের মা জান্নাতুল (১৭) অভিযোগ করে বলেন, সাড়ে তিন বছর আগে শাকিল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় ২ লাখ টাকা যৌতুক দেন তারা। বিয়ের পর থেকেই শাশুড়ি সকেনা বেগম বিভিন্নভাবে নির্যাতন করতেন। বিয়ের দেড় বছর পর সন্তান জন্ম নেওয়ার পর নির্যাতন আরও বেড়ে যায়। নিরুপায় হয়ে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়ি বড়াইগ্রামের রোলফা গ্রামে বসবাস শুরু করেন। শনিবার ইকরী গ্রামে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন তারা।
দুপুরে তার অনুপস্থিতির সুযোগে শাশুড়ি সকেনা বেগম শিশুকে জুস খাওয়ান। এরপর শিশুটি হঠাৎ বমি করতে শুরু করে। দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি কীটনাশক জাতীয় বিষ পান করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শাশুড়ির কঠোর শাস্তি দাবি করেছেন মা জান্নাতুল।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার সময়ই কীটনাশক জাতীয় বিষ পানের আলামত পাওয়া যায়। শিশুটির মুখ থেকে বিষের গন্ধও আসছিলো। দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হলেও পথেই তার মৃত্যু হয়।”
বড়াইগ্রাম থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়। সুরতহাল প্রতিবেদন শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



