অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। শপথ নেওয়া ৩ উপদেষ্টা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।
কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।
ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার।





