জেড নিউজ , ঢাকা :
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দোহায় সরকারি সফরের সময় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
এ সময় দুই দেশের শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের বিষয়ে উভয়পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দীর্ঘদিন ধরে কাতারের বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়ায় কাতারের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য আরও সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





