জেড নিউজ, ঢাকা:
বর্ষার সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (মঙ্গলবার, ২৩ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ৭টি জেলার ওপর দিয়ে তীব্র গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ঝড় ও আকস্মিক বজ্রবৃষ্টির আশঙ্কার কারণে আবহাওয়া দফতর সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় মুষলধারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে । ঝুঁকিতে থাকা ৭টি অঞ্চল ও জেলা হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট। আলাদা আরেকটি আবহাওয়া বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, শুধু এই ৭ জেলাই নয়, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব কয়টি বিভাগেই (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ) অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও প্রবল আশঙ্কা রয়েছে।



