জেড নিউজ ডেস্ক:
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ঘেরাও করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। সোমবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই সংবাদের তথ্য উঠে এসেছে। লাঠি নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উল্লেখ করা সত্ত্বেও পুলিশ এই পদক্ষেপ নেয়।
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে চড়ে রাঁচিতে উপস্থিত হন। পুলিশ জলকামান নিক্ষেপ করলে বেশ কিছু শিক্ষার্থীকে পানির তোড়ের সামনে নাচতে দেখা যায়, যা পাটনার নিট আন্দোলনের স্মৃতি ফিরিয়ে আনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বড় মোড়গুলোতে ব্যারিকেড বসায়, দূরপাল্লার বাস তল্লাশি করে এবং অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়। একই সময়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিজেপি নেতারাও বিক্ষোভে অংশ নেন।
জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে টানা ১৬ দিন ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে। অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান জানান, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে কেবল ৩টি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা পর্যাপ্ত নয়। অন্যদিকে সরকার দাবি করেছে যে তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের কারণে সিআইডি তলব করার পর জেপিএসসির তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেছিলেন। মুখ্যমন্ত্রী সোরেন আশ্বাস দিয়েছেন যে এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





