জেড নিউজ ডেস্ক :
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি এমন একটি গুঞ্জন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এদিকে গতকাল থেকে শুরু হওয়া সমস্ত জল্পনার মধ্যেই এবার সামনে এলো বিগ বির একটি নতুন পোস্ট।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, বুধবার (২০ মে) ভোরে একটি নতুন পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেই পোস্টে বিগ বি অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের ব্লগ পোস্টেও ভক্তদের আশ্বস্ত করেন অভিনেতা।
বরাবরের মতো রসিক ভঙ্গিতেই তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’ অনেকে অমিতাভের মন্তব্যটিকে এভাবে বর্ণনা করেছেন, ‘যখন আসল শক্তিমান মানুষ চুপ থাকে, তখন নানা মানুষ নানা কথা বলতে শুরু করে…আমি তো স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করে আছি, অথচ গুজব ছড়ানো মানুষজন কথা বলেই যাচ্ছে!’
তার এই পোস্ট দেখেই অনেক ভক্ত স্বস্তি প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন, ‘অমিতাভ আগের মতোই প্রাণবন্ত আছেন।’
নিজের স্বাস্থ্য নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজ করলেও অনেক সময় তার ঘুম আসে না।
অমিতাভ লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সব সময় সম্ভব হয় না।’ ঘুম না এলে কী করেন, সেটিও জানিয়েছেন এই অভিনেতা।
তার ভাষ্যে, গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত তাকে শান্তি দেয়। সংগীত শুনেই অনেকটা সময় কাটান তিনি।
তবে গতকাল সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য—অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা।
প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি । তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।’



