spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আইসক্রিম রঙের ঠোঁটই এখন নতুন বিউটি ট্রেন্ড

জেড নিউজ ডেস্ক:

একসময় পাইপ বা কাঠি দেওয়া বরফ আইসক্রিম খাওয়ার পর ঠোঁটের মাঝখানটা লাল, গোলাপি কিংবা কমলা রং হয়ে যেত। আয়নায় তাকিয়ে অনেকেই ভাবতেন, ঠোঁটে লিপস্টিক লেগে গেছে। শৈশবের সেই মিষ্টি স্মৃতিই এবার ফিরে এসেছে বিউটি ট্রেন্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ‘আইসক্রিম লিপস’ বা ‘পপসিকল লিপস’।

এর আগে ‘ক্লাউড লিপস’, ‘ব্লার্ড ম্যাট লিপস’ কিংবা ‘জিম লিপস’ ট্রেন্ডে থাকলেও এবার সৌন্দর্যপ্রেমীরা মজেছেন আরও স্বাভাবিক একটি লুকে। এই স্টাইলে ঠোঁট নিখুঁতভাবে রাঙানো হয় না। বরং মাঝখানের অংশ থাকে গাঢ়, আর বাইরের দিকটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। ফলে মনে হয়, যেন একটু আগেই বরফ আইসক্রিম খেয়ে উঠেছেন।

কেন জনপ্রিয় হচ্ছে আইসক্রিম লিপস?

বর্তমান বিউটি ট্রেন্ডে কৃত্রিম বা অতিরিক্ত নিখুঁত মেকআপের বদলে স্বাভাবিক ও সহজ লুকই বেশি জনপ্রিয়। আইসক্রিম লিপস সেই ধারারই একটি অংশ। এতে ঠোঁটকে অতিরিক্ত সাজানো মনে হয় না, বরং স্বাভাবিকভাবে রাঙা ও প্রাণবন্ত দেখায়।

এই ট্রেন্ডের আরেকটি আকর্ষণ হলো, এটি মুখে এনে দেয় তারুণ্য ও সতেজতার ছাপ। তাই দৈনন্দিন সাজ থেকে শুরু করে ক্যাজুয়াল আড্ডা কিংবা ডেট লুকে সহজেই মানিয়ে যায়।

যেভাবে করবেন আইসক্রিম লিপস:

এই লুক তৈরি করতে হলে একটি লিপ টিন্ট, লিকুইড ম্যাট লিপস্টিক এবং একটি স্বচ্ছ বা হালকা রঙের লিপ গ্লস থাকলেই যথেষ্ট।

প্রথমে ঠোঁট ভালোভাবে পরিষ্কার করে লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট মসৃণ থাকবে এবং রং সুন্দরভাবে বসবে।

এরপর ঠোঁটের ঠিক মাঝখানে লাল, গোলাপি, চেরি বা কমলা রঙের লিপ টিন্ট অথবা লিকুইড লিপস্টিক লাগান। আঙুল বা ছোট ব্রাশ দিয়ে আলতোভাবে রংটি চারদিকে ব্লেন্ড করে দিন, যাতে মাঝখান গাঢ় থাকে কিন্তু প্রান্তের দিকে রং ধীরে ধীরে ফিকে হয়ে যায়।

সবশেষে পুরো ঠোঁটে অল্প পরিমাণ লিপ গ্লস লাগিয়ে নিন। এতে ঠোঁটে বরফ আইসক্রিম খাওয়ার পরের স্বাভাবিক ভেজা ও সতেজ লুক ফুটে উঠবে।

যে ধরণের রং সবচেয়ে মানানসই:

আইসক্রিম লিপস ট্রেন্ডে উজ্জ্বল হলেও খুব বেশি গাঢ় নয়, এমন নরম ও প্রাণবন্ত রং সবচেয়ে বেশি মানিয়ে যায়। চেরি লাল ঠোঁটে এনে দেয় সতেজ ও আকর্ষণীয় লুক, স্ট্রবেরি গোলাপি যোগ করে কোমল ও মিষ্টি আবহ। কোরাল শেড মুখে উজ্জ্বলতা বাড়ায়, আর ওয়াটারমেলন টোন দেয় প্রাকৃতিক ও তরতাজা অনুভূতি। রাস্পবেরি রং একটু গভীর কিন্তু স্বাভাবিক আভা তৈরি করে, অন্যদিকে সফট কমলা ঠোঁটকে দেখায় প্রাণবন্ত ও ফ্রেশ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের ত্বকের রঙের সঙ্গে মানানসই শেড বেছে নেওয়া। তবেই আইসক্রিম লিপস লুক আরও স্বাভাবিক, সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে।

স্বাভাবিক দেখানোই আসল কৌশল:

আইসক্রিম লিপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি যেন অতিরিক্ত নিখুঁত না দেখায়। ঠোঁটের রঙে হালকা অসমতা থাকাই এই ট্রেন্ডের সৌন্দর্য। তাই লিপলাইনার দিয়ে খুব চিকন বর্ডার না এঁকে নরমভাবে রং মিশিয়ে দেওয়া ভালো।

ঠোঁটের যত্নও জরুরি:

এই ধরনের লুক সুন্দর দেখাতে ঠোঁটের স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন। তাই সপ্তাহে এক বা দুই দিন হালকা লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন। নিয়মিত লিপবাম ব্যবহার করলে ঠোঁট ফাটা বা শুষ্ক হওয়ার সম্ভাবনাও কমে যায়।

শৈশবের বরফ আইসক্রিমের স্মৃতিকে আধুনিক মেকআপ ট্রেন্ডে ফিরিয়ে এনেছে আইসক্রিম লিপস। অল্প কিছু প্রসাধন, সামান্য ব্লেন্ডিং আর প্রাকৃতিক ফিনিশের মতো বিষয়গুলো মাথায় রাখলেই সহজেই পাওয়া যাবে সতেজ আর নস্টালজিয়াভরা নতুন ঠোঁটের সাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়