আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দেশ বরেন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন। রোববার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরে গণমাধ্যমকর্মী ও বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন জনপ্রিয় এই শিল্পী।
এসময় তাদের উদ্দেশে তিনি বলেন, আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি। এছাড়া, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ।
পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্রজনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।
স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরী জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান তিনি।





