spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

জেড নিউজ স্পোর্টস:

ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরকে টাইব্রেকারে পরাজিত করে আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের এই উদ্বোধনী আসরে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিচ্ছে।

বুধবার আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘ই’ টায়ারের শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে একই দিনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচেও রোমাঞ্চকর জয় পায় কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল তারা। একদিনে দুটি নকআউট ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল দলটি।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টেনেগ্রো। এর আগে ‘জি’ গ্রুপে পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলসের মতো দলের বিপক্ষে লড়তে হয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারলেও ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র এবং ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। সবমিলিয়ে এই আসরে এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তিনটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ফিফার এই আয়োজনে আটজন করে ফুটবলারের দল নিয়ে ৬৮ বাই ৪৮ মিটার মাপের ছোট মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট খেলা হয়ে থাকে। শেষ আটে মন্টেনেগ্রোর বিপক্ষে বাংলাদেশের পরবর্তী লড়াইয়ের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশের ফুটবলপ্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়