জেড নিউজ, ঢাকা:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আপাতত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। তবে মাসের শেষ দিকে উপকূলীয় এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের কোথাও বৃষ্টি হয়নি। এদিন সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপ ও আমবাগানে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। এর প্রভাবে মাসের শেষ দিকে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান বলেন, লঘুচাপ সৃষ্টি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এখনই কৃষকদের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তিনি গুজব এড়িয়ে সরকারি সংস্থার তথ্য অনুসরণের পরামর্শ দেন।





