জেড নিউজ, ঢাকা:
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও চোরাই মালামালসহ বিভিন্ন আলামত জব্দ করেন পুলিশ সদস্যরা। এছাড়া অপরাধে জড়িত থাকার অভিযোগে একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
ডিএমপি জানায়, অভিযানের মধ্যে সর্বাধিক ২৬৩ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ১৯৬ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪০ জন, রমনা বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে আটক করে।
অভিযান পরিচালনাকালে আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।
এর পাশাপাশি ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ১.৫ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানকালে অপহৃত বা ভিকটিম ১ জনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





