spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কৃষকের বন্ধু হট্টিটি পাখির টিকে থাকার কৌশল

জেড নিউজ ডেস্ক : 

‘হট্টিটি হট্টিটি আর করো না আশা/ আগুন দিয়ে পুড়ে ফেললাম হট্টিটির বাসা’—এমন ছড়া লোকমুখে শোনা যায়। এ ছড়ার মধ্য দিয়ে মাটিতে বসবাস করা পাখিটির টিকে থাকার সংগ্রামকেই হয়তো নির্দেশ করে। আরও অনেক লোককথা প্রচলিত আছে কৃষকের বন্ধু এই পাখিটি ঘিরে। হট্টিটি পাখিটি আমরা চিনে থাকলেও এর বুদ্ধি এবং টিকে থাকার কৌশল সম্পর্কে হয়তো অনেকেরই অজানা।

বসবাস ও বংশবিস্তার

হট্টিটি পাখির গাছের ডালে বসার সুযোগ নেই। তাই প্রকৃতির বুকে টিকে থাকতে এই পাখির অনেক বুদ্ধি খাটাতে হয়। লম্বা পায়ের কারণে এ পাখি গাছের ডালে বসতে পারে না বলে মাটিতেই তাকে বাসা বেঁধে থাকতে হয়। খাবার খোঁজা, বিশ্রাম নেওয়া, প্রেম-ভালোবাসা কিংবা বংশবিস্তার—সবই চলে মাটিতে। এমনকি শত্রুর নজর এড়ানো, ছানা বাঁচানো আর প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হট্টিটি যে কৌশলগুলো ব্যবহার করে, তা সত্যিই অসাধারণ।

​লোককথা এবং বাস্তবতা

হট্টিটি পাখিকে ঘিরে গ্রামীণ সমাজে নানা প্রচলিত গল্প আছে। যেমন- আকাশ ভেঙে পড়ার ভয়ে নাকি এই পাখি পা ওপরে তুলে চিৎ হয়ে ঘুমায়! অবশ্য বাস্তবে এর কোনো ভিত্তি নেই। মাটিতে বসে কিংবা একপায়ে দাঁড়িয়েই সে বিশ্রাম নেয় আর ঘুমের ভেতরেও থাকে দারুণ সচেতন। প্রখর দৃষ্টিশক্তি আর তীক্ষ্ণ শ্রবণশক্তির কারণে আশপাশে সাপ, শেয়াল, বেজি, শিকারি পাখি বা মানুষের আনাগোনা খুব দ্রুতই টের পেয়ে যায়।

​হট্টিটি পাখির সতর্কবার্তা

​বিপদ টের পেলে হট্টিটি চুপচাপ থাকে না; তীক্ষ্ণ স্বরে একটানা ‘হুট-টি-টি-টি’ বলে ডেকে ওঠে। এই ডাক শুধু নিজের সতর্কতা নয়, আশপাশের বন বা মাঠের অন্য পাখি ও প্রাণীদের জন্যও এক ধরনের সংকেত—যার ফলে তারাও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পায়।

মাটিতে বসবাস

​হট্টিটি পাখি গাছের ডালে বাসা বাঁধে না। খোলা মাঠ, বালুচর কিংবা নুড়িপাথরের ওপর সরাসরি মাটিতে বাসা বানিয়ে ডিম পাড়ে। তাই ডিম ও ছানার ওপর ঝুঁকি থাকে। তবে প্রকৃতি তাদের দিয়েছে ছদ্মবেশের দারুণ সুবিধা—ডিমের রঙের সঙ্গে মাটির রং এমনভাবে মিশে থাকে যে, দূর থেকে বা ওপর থেকে সহজে চোখে পড়ে না।

​টিকে থাকার কৌশল

শিকারি কাছাকাছি এলে হট্টিটি নাটকীয় অভিনয় করে। যেমন- মা পাখি ডানা ভেঙে মাটিতে পড়ে যাওয়ার অভিনয় করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দূরে সরে যায়। যাতে শিকারি ডিম বা ছানার বদলে তাকেই ধাওয়া করে। নিরাপদ দূরত্বে পৌঁছে হঠাৎ উড়ে পালায়। অন্যদিকে ছানারাও বাবা-মায়ের সংকেত পেলে মাটির সঙ্গে একেবারে মিশে নিথর হয়ে শুয়ে পড়ে।

ডিম এবং ছানা বাঁচাতে সাহস

আকারে মাঝারি হলেও নিজের ডিম ও ছানা বাঁচাতে তারা বেশ সাহসী। বাসার কাছে কাক, চিল, কুকুর এমনকি গরু-ছাগল বা মানুষ এলে ওপর থেকে তীক্ষ্ণ বেগে ঝাঁপিয়ে পড়ে ঠোকর দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। প্রচণ্ড গরমে খোলা মাটিতে থাকা ডিম নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে হট্টিটি দারুণ এক কৌশল অবলম্বন করে। উড়ে গিয়ে কাছের জলাশয় থেকে পেটের পালক ভিজিয়ে এনে ডিমের ওপর ছড়িয়ে দেয়। যা ডিমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

​কৃষকের বন্ধু হট্টিটি

​ফসলি জমি ও তৃণভূমিতে ঘুরে বেড়ানো এ পাখি ক্ষতিকর পোকামাকড়, শুঁয়োপোকা, ঘাসফড়িং ও শামুক খেয়ে ফসল রক্ষা করে। বিশ্বে হট্টিটি গোত্রের প্রজাতি আছে প্রায় ৭০টি। আমাদের দেশে দেখা মেলে ১২ প্রজাতির হট্টিটি পাখির। মাটির কাছাকাছি থাকা পাখিটি তার বুদ্ধি দিয়ে প্রকৃতির ভারসাম্য ও কৃষির সুরক্ষায় নীরবে কাজ করে চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়