জেড নিউজ ডেস্ক:
সউদী আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের কিছু বাতিল করা হয়েছে, কিছু স্থগিত রয়েছে।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সউদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর সউদী আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাবে গত ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটসহ সউদীগামী বিভিন্ন ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।





